বুধবার, ৮ অক্টোবর, ২০০৩

এই সব রেখে যাব .......

যা ছিল আমার শৈশবের অমূল্য সঞ্চয়
উমাপদকাকুর দোকান থেকে কেনা চারটে অদ্ভুত গুলি
মায়ের দেওয়া অপরূপ গল্পে বোঝাই ঠাকুরমার ঝুলি
বাবার বন্ধ হয়ে যাওয়া প্রাচীন এ্যাংলোসুইস হাতঘড়ি
অথবা দিদির রথের মেলায় কেনা কাঠের এক্কাগাড়ি
এই সব রেখে যাব .......

আমার কৈশোরের মসৃণ গালে
ঋতুপর্ণার ভিজে ঠোঁটের ফোঁটা
কলেজবেলায় বিপ্লবস্পন্দিত মিছিলের পায়ে পায়ে হাঁটা
প্রথম শোনা দেবব্রত বিশ্বাসের গান
'আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ'
এই সব রেখে যাব .........

একটা শতছিন্ন অন্ধকার কাঁথা মুড়ি দিয়ে
নিঃশব্দে এগিয়ে আসছে নতুন শতাব্দী
এই দুঃখরাতে তোর হাতে দিয়ে যাবার মত
ক্ষমা করিস, কোন দীপশিখাই আমার নেই
আমি শুধু, এই সব রেখে যাব তোর জন্যেই।

রবিবার, ৫ অক্টোবর, ২০০৩

শব্দের স্বাধীনতা

কখনও সমুদ্র খুঁজতে চাই
কখনও পেতে চাই স্বাধীনতা
কখনও স্বপ্ন দেখতে চাই
কখনও কন্ঠে নিতে চাই কবিতা

স্বাধীনতা শব্দটাকে আমার কোনদিনই
যথেষ্ট স্বাধীন মনে হয় না
কারণ তার মধ্যে
লুকিয়ে রয়েছে অধীনতা

কবিতা শব্দটাকে আমার চিরদিনই
বড় কৃত্তিম মনে হয়
কারণ এর মধ্যে রয়েছে
কাব্য - যা জীবন নয়

তবু এখনও স্বপ্নে ডানা মেলে স্বাধীনতা
তবু এখনও সমুদ্রে জেগে ওঠে কবিতা

কখনও সমুদ্র খুঁজতে চাই
কখনও পেতে চাই স্বাধীনতা
কখনও স্বপ্ন দেখতে চাই
কখনও কন্ঠে নিতে চাই কবিতা

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০০৩

প্রিয় নদী

দ্রুত বদলে যাচ্ছে ক্যানভাসে বিস্তৃত পটভূমি
বদলায়নি সেই সনাতন হাওয়া আর রূপনারায়ণ
সভ্যতা নদীর বুকে রচনা করেছে গভীর ক্ষত
বেঁধেছে ইস্পাত আর কংক্রীটের শৃঙ্খলে যত
তবু ঘুমন্ত শিশুর মুখের মত পবিত্রতা
আজও খেলা করে এ নদীর জলে।

মেঘে অঙ্কিত মূর্তিগুলি ঝুঁকে‍ রয়েছে নদীর শিয়রে
শাড়ির ভাঁজের মত রেখার বিভঙ্গ নদীর শরীরে
মোচার খোলার মত ইলিশ নৌকার সংক্রমণ নদীর বুকে
নদীকে নিঃশেষ করে অদূরের ইনটেক্‌ পাম্প হাউস
মুঠোর মত এক টিলার উপর - আমি একলা মানুষ
দেখি ক্লান্ত পাখির ডানায় অন্ধকার ধেয়ে আসছে
নীল স্বপ্নের মায়াবী আলোয় ভাসছে - প্রিয় নদী।