বুধবার, ৮ অক্টোবর, ২০০৩

এই সব রেখে যাব .......

যা ছিল আমার শৈশবের অমূল্য সঞ্চয়
উমাপদকাকুর দোকান থেকে কেনা চারটে অদ্ভুত গুলি
মায়ের দেওয়া অপরূপ গল্পে বোঝাই ঠাকুরমার ঝুলি
বাবার বন্ধ হয়ে যাওয়া প্রাচীন এ্যাংলোসুইস হাতঘড়ি
অথবা দিদির রথের মেলায় কেনা কাঠের এক্কাগাড়ি
এই সব রেখে যাব .......

আমার কৈশোরের মসৃণ গালে
ঋতুপর্ণার ভিজে ঠোঁটের ফোঁটা
কলেজবেলায় বিপ্লবস্পন্দিত মিছিলের পায়ে পায়ে হাঁটা
প্রথম শোনা দেবব্রত বিশ্বাসের গান
'আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ'
এই সব রেখে যাব .........

একটা শতছিন্ন অন্ধকার কাঁথা মুড়ি দিয়ে
নিঃশব্দে এগিয়ে আসছে নতুন শতাব্দী
এই দুঃখরাতে তোর হাতে দিয়ে যাবার মত
ক্ষমা করিস, কোন দীপশিখাই আমার নেই
আমি শুধু, এই সব রেখে যাব তোর জন্যেই।

রবিবার, ৫ অক্টোবর, ২০০৩

শব্দের স্বাধীনতা

কখনও সমুদ্র খুঁজতে চাই
কখনও পেতে চাই স্বাধীনতা
কখনও স্বপ্ন দেখতে চাই
কখনও কন্ঠে নিতে চাই কবিতা

স্বাধীনতা শব্দটাকে আমার কোনদিনই
যথেষ্ট স্বাধীন মনে হয় না
কারণ তার মধ্যে
লুকিয়ে রয়েছে অধীনতা

কবিতা শব্দটাকে আমার চিরদিনই
বড় কৃত্তিম মনে হয়
কারণ এর মধ্যে রয়েছে
কাব্য - যা জীবন নয়

তবু এখনও স্বপ্নে ডানা মেলে স্বাধীনতা
তবু এখনও সমুদ্রে জেগে ওঠে কবিতা

কখনও সমুদ্র খুঁজতে চাই
কখনও পেতে চাই স্বাধীনতা
কখনও স্বপ্ন দেখতে চাই
কখনও কন্ঠে নিতে চাই কবিতা