সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০০৩

নির্বাসনের কবিতা

কবিতা, তোমাকে নির্বাসনে পাঠিয়ে
প্রতীক্ষার বাগানে আমি একা।

এখানে হেমন্তের ঘাস ও শিশিরনিচয়
বি. ই. এম. এল ডজারের ক্রুদ্ধ গর্জনে মুছে যায়
এইচ. পি. এস. ভি ল্যাম্প ম্লান করে দেয়
ঝলসানো রুটি চাঁদকে
কনভেয়র সময় নিয়ত পরিবর্তন করে অক্ষাংশ
কেবল্‌ ট্রেঞ্চের করিডর ধরে স্থির পায়ে যাওয়া-আসা
অ-ভালোলাগার শর্ট সার্কিটে শিহরিত
বেঁচে আছি সাগ্নিক অগ্নিতে পুড়িয়ে ওড়না

এ নির্বাসনে কবিতা, কেন তুমি আনো
কৈশোরের চাল ধোয়া ভিজে হাত কিশোরীকে
যে হয়ত হারিয়ে ফেলেছে সিন্ধুভৈরবী মুখের পবিত্রতা
অথবা
নিষ্কোষিত তরবারির মত মিছিলের সেই মুখ
যে হয়ত লগ্ন আমারই মত এক নিজস্ব নির্বাসনে
এবং ..............
কেন তুমি? কেন?

কবিতা, তোমাকে নির্বাসনে পাঠিয়ে
প্রতীক্ষার বাগানে আমি একা।

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০০৩

কোণার্কে

তোমার একদিকে সমুদ্র নীল
অন্যদিকে দিগন্ত বিস্তৃত সবুজ
সমুদ্র ছুঁয়ে যাচ্ছে তোমার শরীর
এলোমেলো বাতাসে চুল অবুঝ।


কোণার্ক মন্দিরের শিল্পিত খিলানের নীচে
তোমাকে দেখেছিলাম, অর্কের মানসকন্যা
যেন বিস্মৃত এক শতাব্দী থেকে নেমে এলে
হৃদয়ে সমুদ্রকণা, এ পৃথিবীতে তুমি অনন্যা।


বিংশ শতাব্দীতে সময় আহিত, রিক্ত আমি
আজও চেতনায় বহন করি সেই বিস্মিত নির্মাণ
সমস্ত দিনের ব্যস্ততা শেষে তাই আমারই হাতে
সাদা পৃষ্ঠায় ফুটে ওঠে তোমার অন্য এই বিনির্মাণ।

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০০৩

আমারে তুমি অশেষ করেছ.....

রবি ঠাকুরের গান আর সূর্য তারা ভরা আস্‌মান্‌
নিয়ে তোমার পৃথিবী, তাই
মাটি ও মানুষের বেদনাকে স্পর্শ করে তোমার কন্ঠে
শব্দগুলো হয়ে ওঠে ঋজুতর সটান
যেন গভীর কোন মন্ত্রের সমান
সুরগুলো শুরু করে অসীমের উদ্দেশ্যে উড়াল
গ্রীষ্মের আকাশে আষাঢ়
কোথা হতে পেয়ে যায় ছাড়া
আর ভালবাসা? চৈত্রের ভোরবেলায় ভেসে আসা
সনাতন বাতাস; পবিত্র, অমল .........।

জবাকুসুম আলোয় তোমার বিষণ্ণ উচ্চারণ
ভাঙা কাঁচের মত বিঁধে যায় হৃদয় মন।

*দেবব্রত বিশ্বাসের স্মৃতিতে

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০০৩

একটি একান্ত.....

কাছে দূরে -
জীবনের গতিয়ান শরীরে
স্বর্ণিল ফসলী দিগন্তে
উন্মুখর অপার প্রান্তরে
আজ আমি অনুভব করি তোমার রেশ্‌।

সহস্র জনতার কোলাহলে
আবিস্তৃত অসীম নৈঃশব্দে
আমি অবহেলায় নির্মাণ করি
তোমার ভোরবেলাকার স্বল্পালোকিত মুখ
অসংযত শিথিল কেশগুচ্ছ ও
একটি একান্ত মুখর হাসি।

তোমার বাণী আমার একক নিভৃত
রাতের অন্ধকারে জ্বালায় আলো
আমি সকল নিন্দিত কালোয়
গুঁজে দিই একটি ভালো
তোমার গানে প্রতিটি স্পন্দমান মুহূর্তে
ছন্দিত হয় আমার হৃদয়
আমি অক্লেশে ভালোবাসাকে করি নির্বিকার
সুখকে বিষণ্ণ, দুঃখকে গতিময়।

তাই
আজও আমি
অঝোর বর্ষণের পরে সমস্ত রবিকরোজ্জ্বল পাতায়
অনুভব করি তোমার উন্মীলিত অপার হৃদয়।



*প্রকাশ - 'তরঙ্গ', পূজা সংখ্যা, ১৯৮৬